সম্পাদকীয় From the Editor

Authors

  • Saymon Zakaria Author

DOI:

https://doi.org/10.64242/bijbs.v20i24.17

Abstract

সম্পাদকীয় From the Editor

বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি আজ আর কেবল একটি আঞ্চলিক বা জাতিগত চর্চার পরিসরে সীমাবদ্ধ নেই; এটি বহুভাষিক, বহুদেশিক ও বহুবিধ জ্ঞানতাত্ত্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইউরোপ, রাশিয়া, পূর্ব এশিয়া ও উত্তর আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে যে ধারাবাহিক গবেষণা ও পাঠচর্চা চলমান, তা বিশ্বজুড়ে বঙ্গবিদ্যার বিস্তৃত পরিসরের সাক্ষ্য বহন করে। তবে এই আন্তর্জাতিক গবেষণার বড় একটি অংশ ভিন্ন ভিন্ন ভাষায় রচিত হওয়ায় বাংলাভাষী পাঠকের কাছে তা প্রায়ই অপ্রাপ্য থেকে যায়। অন্যদিকে, বিভিন্ন দেশের গবেষকদের মধ্যে অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞানের আদান–প্রদানের জন্য একটি সমন্বিত একাডেমিক প্ল্যাটফর্মের অভাবও দীর্ঘদিন ধরে অনুভূত হয়ে আসছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই ভাবনগর: ইন্টারন্যাশনাল জার্নাল অব বেঙ্গল স্টাডিজ শুরু থেকেই একটি সংলাপমুখী, বহুভাষিক ও আন্তঃশাস্ত্রীয় জ্ঞানমাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

বর্তমান সংখ্যায় ভাবনগর জার্নালে অন্তর্ভুক্ত হয়েছে প্রবন্ধ, অনুবাদ, গ্রন্থালোচনা ও প্রতিবেদন—এই চারটি পর্বে বিন্যস্ত একগুচ্ছ গুরুত্বপূর্ণ রচনা। সংকলিত প্রতিটি লেখা ভাবনগরের জন্য মৌলিকভাবে সম্পাদিত; এর পূর্বে কোনোটি অন্য কোথাও প্রকাশিত হয়নি।

এ সংখ্যার প্রবন্ধ পর্বের সূচনায় রয়েছে “অত্যাধুনিকতার সাক্ষাতে ফোকলোর: সাধুগুরুর বাংলা বাণী—অনুবাদে কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা সহায়ক?” শীর্ষক প্রবন্ধ। ফকির দেবোরাহ জান্নাত এই লেখায় আধুনিক প্রযুক্তি—বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা—লোকজ জ্ঞান ও সাধুগুরুর বাণীর অনুবাদে কীভাবে সহায়ক হতে পারে এবং একই সঙ্গে কোথায় তার সীমাবদ্ধতা রয়ে গেছে, সে বিষয়ে একটি সমালোচনামূলক ও চিন্তনশীল আলোচনা উপস্থাপন করেছেন। ঐতিহ্য ও প্রযুক্তির এই মুখোমুখি অবস্থান বর্তমান সময়ের অনুবাদচর্চার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নকে সামনে নিয়ে আসে।

প্রবন্ধ পর্বের দ্বিতীয় লেখাটি রুশ বঙ্গবিদ্যার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে কেন্দ্র করে রচিত। ইভা লেকারেভার রচিত “এলেনা কিরিলোভনা ব্রোসালিনা এবং রুশ বঙ্গবিদ্যা” শীর্ষক প্রবন্ধে রাশিয়ায় বাংলা ভাষা ও সাহিত্যচর্চার ইতিহাসের ধারাবাহিকতা, গবেষণার ধারা এবং এলেনা ব্রোসালিনার অবদান বিশদভাবে আলোচিত হয়েছে। প্রবন্ধটি বাংলা ভাষা ও সংস্কৃতি গবেষণার আন্তর্জাতিক ইতিহাসে রাশিয়ান ধারার একটি প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হবে।

তৃতীয় প্রবন্ধে চীনা গবেষক শিয়ে মিয়াও রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ঘরে বাইরে–কে কেন্দ্র করে আধুনিক নারী চেতনার বিকাশ ও দ্বন্দ্ব বিশ্লেষণ করেছেন। “রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে এবং আধুনিক নারী চেতনা” শীর্ষক এই প্রবন্ধে জাতীয়তাবাদ, ব্যক্তিস্বাধীনতা ও নারীর আত্মপরিচয়ের জটিল সম্পর্ক নতুন দৃষ্টিকোণ থেকে আলোচিত হয়েছে।

অনুবাদ পর্বে ইংরেজি থেকে বাংলায় প্রকাশিত হয়েছে ফরাসি সাংস্কৃতিক-ভূগোলবিদ জোয়েল বনমেজোঁর আলোচিত গ্রন্থ Culture and Space : Conceiving a New Cultural Geography–এর প্রথম অধ্যায় “ভূমিকা”। ফরাসি ভাষা থেকে জোজে পেনো দেমেত্রি অনূদিত ইংরেজি ভাষার পাঠ বাংলা অনুবাদ করেছেন নূরুননবী শান্ত। “সংস্কৃতি এবং পরিসর: নতুন সাংস্কৃতিক ভূগোলের ধারণা” শীর্ষক এই অধ্যায়ে সংস্কৃতি, স্থান ও মানবিক অভিজ্ঞতার পারস্পরিক সম্পর্ক নতুন তাত্ত্বিক কাঠামোয় ব্যাখ্যা করা হয়েছে, যা বাংলাভাষী পাঠকের জন্য সাংস্কৃতিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ পাঠ্য হিসেবে বিবেচিত হবে।

বাংলা থেকে ইংরেজি অনুবাদ পর্বে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের কালজয়ী উপন্যাস চিলেকোঠার সেপাই। এ সংখ্যায় অন্তর্ভুক্ত হয়েছে উপন্যাসটির চতুর্দশ অধ্যায়, অনুবাদ করেছেন ম্যাথিউ ডি. রিচ। এই ধারাবাহিক অনুবাদ বাংলা আধুনিক কথাসাহিত্যকে আন্তর্জাতিক পাঠকের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

গ্রন্থালোচনা পর্বে আমেরিকার ‍বিখ্যাত প্রকাশনাসংস্থা রিজ্জলি নিউইয়র্ক থেকে প্রকাশিত Rafiq Azam: Old Dhaka-New Story: Architecture in Bangladesh শীর্ষক গ্রন্থের আলোচনা স্থান পেয়েছে। আলোচক শিহাব রাহ্ মানিয়া লালন ফকিরের দর্শনের আলোয় স্থপতি রফিক আজমের স্থাপত্যের দার্শনিক চেতনা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন পর্বে অন্তর্ভুক্ত হয়েছে দুটি গুরুত্বপূর্ণ লেখা। উল্লেখ্য, আন্তর্জাতিক পরিমণ্ডলে বঙ্গবিদ্যা চর্চাকারীদের উদ্বুদ্ধকরণে ভাবনগর জার্নাল ও ভাবনগর ফাউন্ডেশন প্রথম থেকেই কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় ভাবনগর ফাউন্ডেশন ফ্রান্সের বিখ্যাত বঙ্গভাষা ও সাহিত্য-বিশেষজ্ঞ ড. থিবো দুবেরকে বিদ্যাবিনোদ উপাধি প্রদান করে। প্রতিবেদন অংশের প্রথম প্রতিবেদনে সাইদ হাফিজ রচিত “মধ্যযুগের বাংলাসাহিত্য–গবেষণার ফরাসি পণ্ডিত ড. থিবো দুবের বিদ্যাবিনোদ” শীর্ষক প্রতিবেদনে একজন সমকালীন ফরাসি বঙ্গবিদের গবেষণা ও অবদান মূল্যায়িত হয়েছে। অপরদিকে দ্বিতীয় প্রতিবেদনে সাইমন জাকারিয়া “ভাবসাধকদের চর্যাপদের গানের পুনর্জাগরণের একযুগপূর্তি উপলক্ষ্যে চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৫”–এর মাধ্যমে প্রাচীন বাংলার চর্যাপদের পুনর্জাগরণ প্রাসঙ্গিকতা ও জীবন্ত সাংস্কৃতিক হিসেবে চর্যাপদ পুনর্জাগরণ উৎসবের সামগ্রিক চালচিত্র নথিবদ্ধ করেছেন।

সময় ও বাস্তবতার নিরিখে ভাবনগর জার্নাল তার প্রকাশনার ধারাবাহিকতা রক্ষা করতে সচেষ্ট রয়েছে। আমরা বিশ্বাস করি, এই সংখ্যার রচনাসমূহ বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক সংলাপকে আরও সমৃদ্ধ করবে।

বঙ্গবিদ্যার প্রসার হোক।

সকলের মঙ্গল হোক।

Published

2026-01-29

How to Cite

Saymon Zakaria. (2026). সম্পাদকীয় From the Editor. BHĀBANAGARA: International Journal of Bengal Studies, 20(24). https://doi.org/10.64242/bijbs.v20i24.17